ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর তিনি বারবার বলছেন ‘এই আসলাম’। এভাবে তিনি ১৩ বার ব্যর্থ হয়েছেন। শফিকুর রহমান বলেন, আপনি বরং ফিরে আসুন; যুব সমাজ আপনার অপেক্ষায় আছে এবং তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ নম্বরে ঢাকা মহানগর জামায়াতের আয়োজিত এক জনসভায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।
জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত এই জনসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানানো হয়। জুলাই বিপ্লবের ফসল হিসেবে বর্তমান সরকার ও সংসদকে বিবেচনা করে শফিকুর রহমান বলেন, সরকারের উচিত এই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ থাকা। তিনি জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যা দিয়ে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদানের আহ্বান জানান। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান তিনি। এছাড়া মিরপুরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নাম জুলাই যোদ্ধাদের নামে নামকরণের জন্য সরকারের প্রতি দাবি উত্থাপন করেন জামায়াত আমির।
সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী অতীতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন, অথচ বর্তমান সরকার সেই গণভোটের রায়কেই এখন অবৈধ বলে দাবি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট অবৈধ হলে বর্তমান সরকার ও সংসদও অবৈধ হয়ে পড়ে। তাই টালবাহানা বন্ধ করে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে মনোযোগী হতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল, যা নিয়ে অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে সেই কঠিন সময়ে জুলাই বিপ্লব দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছে।
ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।