প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, তদারকি এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও সহযোগিতা নিশ্চিত করতে ১৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এনএসসির সভাপতি এবং বিওএর সভাপতি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন, তদারকি, প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করাই হবে এই স্টিয়ারিং কমিটির মূল দায়িত্ব।