হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলের দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জে এনসিপি-এর পদযাত্রা চলাকালে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারাদেশে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।