কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ভলিবল দল। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা উজবেকিস্তানকে ৩-০ সেটে পরাজিত করে এই সাফল্য অর্জন করেছে।
চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৫টিতেই জয়লাভ করেছে তারা। আসরের শুরুটা হয়েছিল উজবেকিস্তানের বিপক্ষেই, যেখানে বাংলাদেশ ৩-২ সেটে জয় পেয়েছিল। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও, স্বাগতিক পাকিস্তানের কাছে ০-৩ সেটে পরাজয়ের স্বাদ নিতে হয়েছিল তাদের। তবে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করেছিল বাংলাদেশ।
আট দিনব্যাপী এই কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাকিস্তান অপরাজিত রয়েছে।