মাত্র ১৮ মাসের সংক্ষিপ্ত প্রস্তুতিতে আয়োজিত গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমস আন্তর্জাতিক ক্রীড়া আসরের ইতিহাসে একটি নতুন মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। ১১ দিনের এই প্রতিযোগিতা শেষে প্রকাশিত স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন ‘দ্য স্টোরি সো ফার’-এ গেমসটিকে ভবিষ্যতের বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য একটি সাশ্রয়ী, টেকসই ও কার্যকর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন কোনো স্টেডিয়াম নির্মাণ না করে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ক্রীড়া এবং ছয়টি প্যারা ক্রীড়া ডিসিপ্লিনে অংশ নিয়েছেন। মোট ২১৫টি পদক ইভেন্টে ১ হাজার ১৬৮টি পদক বিতরণ করা হয়েছে। গেমস চলাকালীন ভেন্যু, লাইভ সাইট এবং গ্লাসগো ২০২৬ ফেস্টিভ্যাল মিলিয়ে ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গেমস সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোতে প্রায় ৫০ কোটি ভিউ হয়েছে এবং চার হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক ১ লাখ ৫৬ হাজার ১১০ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন।
প্যারা ক্রীড়ার ক্ষেত্রেও গ্লাসগো ২০২৬ বিশেষ নজির স্থাপন করেছে। ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি প্যারা ডিসিপ্লিনে ৪৭টি পদক ইভেন্ট অনুষ্ঠিত হয়। গেমসের প্রথম স্বর্ণপদকটি আসে প্যারা পাওয়ারলিফটিং থেকে, যা ইংল্যান্ডের মার্ক সোয়ান জয় করেন। পরিবেশ রক্ষার ক্ষেত্রেও গেমসটি নতুন মানদণ্ড তৈরি করেছে। সব ভেন্যু আট মাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সব ভেন্যুতে স্কটিশ গ্রিডের শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। এছাড়া ৬৩ শতাংশ পরিবহন ছিল সম্পূর্ণ বৈদ্যুতিক এবং খাবারের মেন্যুর ৫৯ শতাংশ ছিল নিরামিষ বা উদ্ভিদভিত্তিক। অস্থায়ী অবকাঠামোর ৯০ শতাংশেরও বেশি পুনর্ব্যবহার করা হয়েছে এবং প্রায় ৯৯ হাজার ৪০১টি পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে ভেন্যুর ব্যানার তৈরি করা হয়েছে। কিংস ব্যাটন রিলের মাধ্যমে ১০ লাখ ১৯ হাজার ৫৫৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।
গ্লাসগো ২০২৬-এর প্রধান নির্বাহী ফিল ব্যাটি জানান, এই গেমস প্রমাণ করেছে যে নতুন দৃষ্টিভঙ্গিতে বড় আন্তর্জাতিক আসর কম খরচে সফলভাবে আয়োজন সম্ভব। কমনওয়েলথ স্পোর্টের প্রধান নির্বাহী কেটি স্যাডলিয়ার বলেন, গ্লাসগো ভবিষ্যতের জন্য একটি সেতুবন্ধন তৈরি করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই গেমসের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬২ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড, যা ২০১৪ সালের গ্লাসগো গেমসের ৫৪৩ মিলিয়ন এবং ২০২২ সালের বার্মিংহাম গেমসের ৬৮০ মিলিয়ন পাউন্ডের তুলনায় অনেক কম।
কিংস ব্যাটন রিলের অংশ হিসেবে ১৮৮টি স্থানে ১১১টি পরিচ্ছন্নতা অভিযানে ১৪ হাজার ৩০৪ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে সমুদ্রে যাওয়ার আগেই ১০ লাখ ১৯ হাজার ৫৫৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।