সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তার মাধ্যমে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে এই অপতৎপরতা চালাচ্ছে। বিশেষ করে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কোনো ধরনের অবৈধ তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল এই অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই কুচক্রী মহলের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে জড়িত থাকা, সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির মতো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বা উসকানিমূলক যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার অনুরোধ জানিয়েছে। দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজবের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পুলিশ আরও সতর্ক করেছে যে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।