রাজধানীর সাভারে পুলিশের অভিযানের সময় ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ার হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন বকশী সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন। তার বাবার নাম জাফর, যিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
নিহতের বাবা মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল তাদের সরকারি কোয়ার্টারের ৪ তলায় তল্লাশি চালায়। এ সময় পুলিশ তার দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিকের খোঁজ করছিল। অভিযানের এক পর্যায়ে পুলিশের একজন সদস্য দৌড়ে ভবনের ছাদে চলে যান। এর কিছুক্ষণ পরই বাসার নিচে কিছু পড়ার শব্দ শোনা যায়। স্থানীয়রা ভবনের নিচে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ওই সময় অভিযানে থাকা পুলিশ সদস্যরা দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুরের পীরগাছা থানায় দায়ের করা একটি অপহরণ মামলায় মনোয়ার হোসেন বকশী আসামি ছিলেন। পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন বর্মন রিকুইজিশন নিয়ে সাভার মডেল থানায় আসলে সাভারের একজন এসআইয়ের সহায়তায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। ওসি আরও জানান, আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়। তবে পুলিশের ওই দলের তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, তাদের এমন আচরণ ঠিক হয়নি।
নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে। অন্যদিকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।