প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখন সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করে সামনের দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে কারখানা স্থাপনের পূর্বশর্ত হলো দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ সন্ধানী বিভ্রান্তকারীদের ব্যাপারেও তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের মতো চলে গেলেও দিনশেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে রুখে দিতে হবে। 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগান দিয়ে তিনি বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। জনগণের সমর্থন ও বিএনপির ৩১ দফার পক্ষে রায় পাওয়ায়, সেই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন দলের মূল পবিত্র দায়িত্ব। তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বন্যাদুর্গত ৩০টি পরিবারকে ১ লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীর মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।