রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আজ মঙ্গলবার বেলা ১১টায় বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই বৈঠকে নির্বাচনের তফসিল, সংসদ ভবনে ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা হবে।
বৈঠকটিতে ভারপ্রাপ্ত স্পিকারের পাশাপাশি সংসদ সচিবালয়ের সচিব এবং রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে সিইসি এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনার মাধ্যমে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখন পর্যন্ত তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর থেকে এখন পর্যন্ত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যদি এবার দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে ১৯৯১ সালের পর এটি হবে দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণের ঘটনা। সে সময় বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন, যদিও জাতীয় পার্টি ও জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোটদান থেকে বিরত ছিলেন। গতকাল রোববার জামায়াত জোট প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি জোরদার করেছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।