আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তার সদ্য প্রয়াত বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো বাবার স্মৃতিচারণ করে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। মেসি লিখেছেন, বাবা তোমার চলে যাওয়াটা এখনো বিশ্বাস করতে পারছি না। বাস্তবতা এখনো বুঝে উঠতে পারছি না, আসলে আমি এটা মানতে চাইছি না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না, এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন। আমি জানি তুমি কষ্টে ছিলে এবং এটাই তোমার জন্য হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।
মেসি আরও উল্লেখ করেন যে, বাবার অনুরোধেই তিনি উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি লেখেন, তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! আর টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শরীর সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। মা আমাকে বলছিলেন যে তুমি সুস্থ হয়ে উঠবে এবং খেলা দেখতে আসার মতো ভালো হয়ে যাবে। আমিও তোমাকে বলতাম, আমরা ফাইনালে উঠবই যাতে তুমি আসার সুযোগ পাও।
বাবার প্রতি ভালোবাসা জানিয়ে মেসি লিখেছেন, তোমাকে অনেক অনেক মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে। তোমরা আমাকে যেভাবে বড় করেছ, আমিও আমার সন্তানদের সেভাবেই শিক্ষা দিচ্ছি। শান্তিতে ঘুমাও বাবা, আর ওপর থেকে আমাদের সেভাবেই আগলে রেখো, যেমনটা এখানে থাকতে করতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি, বাবা।
এর আগে স্বপ্নের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু শিরোপার লড়াইয়ে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল আলবিসেলেস্তেদের। সেই শোক কাটিয়ে ইন্টার মায়ামির শিবিরে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই ক্ষত শেষ হতে না হতেই এলএম টেনের জীবনে হোর্হে মেসির মৃত্যু এক নতুন ও বড় দুঃখ হয়ে হাজির হয়েছে।