মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক অধিকার ও মানবপাচার বিরোধী কর্মকাণ্ডে সোচ্চার ব্রিটিশ কর্মী অ্যান্ডি হলকে দুটি পৃথক মানহানি মামলায় মোট ৫ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানার নির্দেশ দিয়েছে জোহর বাহরু হাইকোর্ট। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার সময় বিচারিক কমিশনার নোরাদুরা হামজা জানান, বাদী এবং বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান 'এমবুন কারিসমা রিসোর্সেস'-এর পরিচালক আর. মুথুসামির দায়ের করা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে।
চার বছর আগে দায়ের করা এই দুটি মামলার শুনানিতে বিবাদী অ্যান্ডি হল সশরীরে উপস্থিত ছিলেন না এবং তিনি আত্মপক্ষ সমর্থন করেননি। বিচারক তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন, মুথুসামির বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছিল, যা তার সুনাম ক্ষুণ্ন করেছে। এই স্পর্শকাতরতা বিবেচনা করেই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। জরিমানার পাশাপাশি অ্যান্ডি হলকে মামলার আইনি খরচ বাবদ আরও ১ লাখ রিঙ্গিত পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের রায়ে অ্যান্ডি হলকে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর মন্তব্য প্রকাশ থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেশের জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুথুসামির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যদিকে, বাদীর দাবি অনুযায়ী, আদালতের নির্দেশ অমান্য করে গত ১৭ ফেব্রুয়ারি 'ফোকাস মালয়েশিয়া'-তে প্রকাশিত একটি প্রতিবেদনে অ্যান্ডি হল আবারও তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও অসত্য মন্তব্য করেছেন। মামলার নথিতে মুথুসামি উল্লেখ করেছেন, হলের এসব অপপ্রচারমূলক ও চাঞ্চল্যকর বক্তব্য দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন ব্যবসায়ী হিসেবে তার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।