ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদ–তীরবর্তী প্লাবনভূমি অবৈধভাবে বালু দিয়ে ভরাট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আজিজুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে জেলা শহরের মেড্ডা শ্মশানঘাট–সংলগ্ন তিতাস নদের পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযানে অবৈধভাবে জমি ভরাটের কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস করা হয় এবং দুটি খননযন্ত্র অকেজো করে দেওয়া হয়।
অভিযানকালে সুহিলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও সদর উপজেলা ভূমি কার্যালয়ের বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। আজিজুর রহমান নিজে উপস্থিত না থাকায় তাঁর প্রতিনিধি জরিমানার টাকা পরিশোধ করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মেড্ডা শ্মশানঘাট এলাকার তিতাস নদের পূর্বপাড়ে আজিজুর রহমানের একটি পরিত্যক্ত ইটভাটা রয়েছে। ওই ইটভাটার দক্ষিণ দিকে নদের তীরঘেঁষা প্রায় ১০-১৫ কানি জমি রয়েছে, যা এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। স্থানীয়রা শুষ্ক মৌসুমে এই জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করত। গত এক মাসে ভেকু দিয়ে মাটি কেটে চারপাশে স্তূপ করে এবং গত দুই সপ্তাহ ধরে ড্রেজারের মাধ্যমে বালু এনে জমিটি ভরাট করা হচ্ছিল। গত ৭ জুলাই বিষয়টি নিয়ে প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজিজুর রহমান জেলা এনসিপির সাবেক আহ্বায়ক এবং বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।