গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এই লটারি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মোট ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছে। একই সঙ্গে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কেও বদলি করা হয়েছে। বদলি ও পদায়নের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে লটারির মাধ্যমে।
লটারির ফলাফল অনুযায়ী, সহকারী প্রকৌশলীদের (সিভিল ও ই/এম) মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনকে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদের কর্মকর্তাদের মধ্যে লটারির মাধ্যমে ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই এই লটারি কার্যক্রমের আয়োজন করা হয়। লটারি প্রক্রিয়া চলাকালে সেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশরাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছিল।