লিওনেল মেসির সময়টা মোটেও ভালো কাটছে না। এবার তিনি পেনাল্টি মিসের হ্যাটট্রিক করে বসলেন। তার এই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে তার দল ইন্টার মিয়ামিকে। শনিবার শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে মিয়ামি, যার ফলে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল দলটি।
ম্যাচের ২৩ মিনিটে ১-১ সমতা ফেরানোর সুযোগ ছিল মিয়ামির সামনে। কিন্তু স্পট কিক থেকে মেসির নেওয়া শটটি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। বলটি তার ডান দিকের নিচ দিয়ে যাওয়ার সময় তিনি আটকে দেন। ফিরতি সুযোগে সের্হিও রেগিলন গোল করলেও ভিডিও পর্যালোচনায় দেখা যায় মেসির পেনাল্টির সময় তিনি বক্সে ঢুকে পড়েছিলেন, তাই সেই গোলটি বাতিল হয়ে যায়। এই নিয়ে মেসি টানা তিনটি পেনাল্টি মিস করলেন। এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গ্রুপ পর্বে অস্ট্রিয়া এবং শেষ ষোলোয় মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তিনি। এমএলএসে প্রায় এক বছর পর মেসি প্রথমবার পেনাল্টি মিস করলেন; এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর তিনি শেষবার পেনাল্টি মিস করেছিলেন।
জিওডিস পার্কে ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে ন্যাশভিল এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির পাস থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধে ন্যাশভিলের দাপটে মিয়ামি আর ঘুরে দাঁড়াতে পারেনি। এমএলএসের সাবেক সেরা খেলোয়াড় হানি মুখতার এই ম্যাচে দুটি গোল করেন। এছাড়া স্ট্রাইকার স্যাম সারিজ চতুর জায়গা থেকে ব্যাকহিল করে গোল করেন। ম্যাচের এক পর্যায়ে হতাশ মেসি ফাউলের শিকার হয়েছেন দাবি করে রেফারির কাছে জোরালো আপত্তি জানালে হলুদ কার্ড দেখেন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মেসির ভাগ্য আরও খারাপ ছিল, তার একটি শট দুই পোস্টে লেগে ফিরে আসে এবং পরে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
মিয়ামির চতুর্থ গোলটি ছিল নিজেদের ভুলে। গোলরক্ষক রোকো রিওস নোভো পিছলে পড়ে বক্সের অনেক বাইরে চলে গেলে ন্যাশভিলের গোলরক্ষক শোয়েকের লম্বা কিক ধরে হানি মুখতার খালি জালে বল পাঠান। টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এই হারের ফলে ন্যাশভিলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়ল মিয়ামি। এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বের আগেই বিদায় নিয়েছিল মিয়ামি, যদিও সেই দুই ম্যাচে মেসি বা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কেউই শুরুর একাদশে ছিলেন না।