নাটোর, গাইবান্ধা ও রংপুরের ৩ জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর ১ বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যাহার হওয়া তিন জেলা প্রশাসক হলেন— নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করা হয়েছে। তাকেও পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই চার কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করা হলো, সে সম্পর্কে জারি করা প্রজ্ঞাপনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।