খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা ৮০ বিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাজমুল (২৫) নামের এক যুবককে গুলি করা হয়। গুলির পর দৌড়ে একটি বাড়ির গলিতে আশ্রয় নিলে সেখানেই তার মৃত্যু হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কে বা কারা নাজমুলকে গুলি করেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন বিকেল পৌনে ৬টার দিকে ওই একই এলাকায় সুজন হাওলাদারের চায়ের দোকানের সামনে রাজমিস্ত্রি মো. মনজুরুল ইসলাম (২৩)-এর ওপর সশস্ত্র হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী আলামিন হাসান সাইফির নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী এ হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কালা রায়হান, শামীম ও ফারদিনসহ অন্যদের নাম উল্লেখ করা হয়েছে। তারা মনজুরুলের ওপর গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং ঘটনার কারণ উদ্ঘাটনসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করে যাচ্ছে।