বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর থেকেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জয়ের পর মাঠের উদযাপনে তারা এমন একটি ব্যানার প্রদর্শন করে, যা নিয়ে এখন ফিফার শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার রাতে সেমিফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘Las Malvinas son Argentinas’ বা ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার নিয়ে মাঠে উদযাপন করেন। দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে। ১৯৮২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত চলা ৭৪ দিনের যুদ্ধে দ্বীপপুঞ্জটি নিয়ে দুই দেশ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল। সেই যুদ্ধে ৬৫৫ আর্জেন্টাইন ও ২৫৫ ব্রিটিশ সেনাসদস্যের পাশাপাশি দ্বীপপুঞ্জের তিন বাসিন্দা প্রাণ হারান।
ফিফার নিয়মানুযায়ী কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা দলের অসদাচরণ গ্রহণযোগ্য নয়। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এবারও আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।
আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে।