আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিদায়ের পর গ্যালারিতে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ার সময় ইংল্যান্ডের ফুটবলারদের তাদের স্ত্রী ও সঙ্গিনীদের সান্ত্বনা দিতে দেখা যায়। ইংরেজিতে খেলোয়াড়দের এসব স্ত্রী ও প্রেমিকাদের পরিচয় দিতে ‘ওয়াগ’ (WAG) শব্দটি ব্যবহার করা হয়, যা ওয়াইফ এন্ড গার্লফ্রেন্ড শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ।
ম্যাচ শেষ হওয়ার পর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে হতাশায় মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। সে সময় তার স্ত্রী মেগান পিকফোর্ড তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন। এছাড়া এবেরেচি এজের স্ত্রী নাইমা করবিন এবং অলি ওয়াটকিনসের স্ত্রী এলিকেও নিজেদের সঙ্গীদের জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করতে দেখা গেছে। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের স্ত্রী কেট কেইন এবং জুড বেলিংহ্যামের বান্ধবী অ্যাশলিন কাস্ত্রোকেও গ্যালারিতে বিষণ্ন মুখে বসে থাকতে দেখা যায়।
ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগেই মেগান ও অ্যাশলিন ইংল্যান্ডের খেলোয়াড়দের পরিবার-পরিজনের মধ্যে সবার আগে স্টেডিয়ামে পৌঁছান। জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত এই সেমিফাইনালের গ্যালারিতে নাইমা করবিনও উপস্থিত ছিলেন। অন্যদিকে, হ্যারি কেইনের স্ত্রী কেটকে স্টেডিয়ামের বাইরে ছবি তুলতে দেখা যায়।
ম্যাচের আগে মেগান টিকটকে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের কাছে জানতে চেয়েছিলেন, কোন পোশাক পরে স্টেডিয়ামে যাওয়া উচিত। প্রথমে তিনি জর্ডান পিকফোর্ডের জার্সি নম্বরসংবলিত একটি ফিটেড ফুটবল শার্ট ও সাদা জিন্স পরেন, যার সঙ্গে ছিল লাল রঙের সেলিন বেল্ট ও সাদা শ্যানেল ব্যাগ। পরে তিনি কালো-সাদা রঙের একটি ছোট পোশাক বেছে নেন। এছাড়া ইনস্টাগ্রামে সন্তানদের নিয়ে একটি পোস্টে তিনি লেখেন, ‘আজকের অনুভূতি- গো ড্যাডি’। মেগান ও জর্ডান পিকফোর্ডের তিন সন্তান আর্লো, ওস্তারা ও মিস্টি বাবার নামে লেখা জার্সি পরে ‘ড্যাডি, ড্যাডি’ বলে উচ্ছ্বাস প্রকাশ করছিল।
অন্যান্য ওয়াগদের মধ্যে অলি ওয়াটকিনসের স্ত্রী এলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাসকারার প্রচারণামূলক পোস্ট দেয়ার পাশাপাশি স্টেডিয়ামে যাওয়ার আগে নিজের পোশাকের ছবিও শেয়ার করেছিলেন। উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারানোর পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স উইলিয়াম দলটিকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, এটি একটি বিশেষ দল এবং এই ফলাফলের বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩০ বছর বয়সী মেগানকে মাথায় হাত দিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।