বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ এবং নতুন করে কারও ফ্যাসিস্ট হয়ে ওঠা ঠেকাতে একটি রোডম্যাপ তৈরি করার তাগিদ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের কথা তুলে ধরে বলেন, অন্ধকে আলো দেওয়ার চেয়ে ভালো কাজ আর হতে পারে না। তিনি দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে কাজ করার জন্য ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর প্রশংসা করেন। পাশাপাশি তিন বছর আগে এই কার্যক্রমে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তারাও মানুষ এবং সমাজে তাদেরও সমান অধিকার রয়েছে। এই প্রতিষ্ঠানটি নীরবে-নিভৃতে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের সময় মাত্র ২০ দিনে পাখির মতো গুলি করে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে রাস্তায় হত্যা করা হয়েছে। এই আন্দোলনে প্রায় ৩০০ মানুষ তাদের হাত হারিয়েছেন, কেউ পা বা মাথা হারিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের মুখোশ পরে রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এখনো অনেকের ভাই, বোন, মা বা স্বামী নিখোঁজ রয়েছেন, অথচ তাদের চোখে আলো রয়েছে।
যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের চোখ খোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা যে যেখানেই থাকুন না কেন, চোখ খুলুন। যদি বর্তমান সরকার কোনো ভুল করে, তবে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। বাংলাদেশের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, তবে সেই ভুল সংশোধন করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের এমন একটি বাংলাদেশের পথে চলতে হবে যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত থাকবে। শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না করে, যারা ফ্যাসিস্টদের খুন-খারাপি দেখতে পাচ্ছেন না, তাদের আল্লাহ প্রদত্ত চোখ অথবা অন্তর চক্ষু খোলার আহ্বান জানান তিনি। তিনি সবাইকে একসঙ্গে চলার এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অনুরোধ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 'আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) এবং রচনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান, ইরান দূতাবাসের প্রথম কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।