বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ছয় মাসে দেশে ৫৫০টি খুনের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি অসংখ্য ধর্ষণের ঘটনা এবং গ্যাস, বিদ্যুৎ ও সার সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বৃহস্পতিবার রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার এসব ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না।
সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, এ ধরনের অমানবিক, বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ডের পরও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো ক্লু বের করতে পারেনি। প্রশাসনের বিভিন্ন স্তরের বক্তব্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে, যার ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না।
মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, একটি শিক্ষিত পরিবারের সব সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করার পরও প্রশাসনের গোয়েন্দা বিভাগ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিস্থিতিতে সমাজে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, শূরা কমিটির সদস্য মমতাজ এবং মহানগর আমির এটিএম আজম খানসহ জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতারা।