জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্সবিহীনভাবে সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রির দায়ে দুলাল মিয়া নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকান ও গোদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুলাল মিয়া দীর্ঘ সময় ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত করে আসছিলেন এবং কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। জব্দ করা সারের মধ্যে ৬৪ বস্তা ডিএপি এবং ৮ বস্তা ইউরিয়া সার রয়েছে। উদ্ধার হওয়া এই সারগুলো পরবর্তীতে উপজেলার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।