স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকার এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা ও কয়েকটি জেলায় গুটিকয়েক জায়গায় এই ধরনের তৎপরতা দেখা গেছে এবং তাদের সংখ্যা খুব বেশি নয়। তিনি বলেন, বিষয়গুলো হয়তো মিডিয়ায় আসার কারণে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু সরকার এগুলোতে মনোযোগ দিচ্ছে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে বিব্রত করার জন্য কিছু মহল সব সময়ই সক্রিয় থাকে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে অনেকেই প্রকৃত ছাত্র বা পরীক্ষার্থী নন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, আন্দোলনকারীরা তাদের দাবি সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারকে অবহিত করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। এছাড়া পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্নের ভুলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রশ্নের নম্বর যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা এতে সন্তুষ্ট। এরপরও যদি কেউ পরবর্তী পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালীন তাদের সুযোগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।