আন্তর্জাতিক বিজ্ঞাপনী ও সৃজনশীলতার মঞ্চ ‘ম্যাডস্টারস ২০২৬’-এ বড় জয় পেয়েছে বাংলাদেশের ডিবিএল সিরামিকস। প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উদ্ভাবনী উদ্যোগ ‘টাইলচক’ মর্যাদাপূর্ণ ‘এসডিজি’ (SDG) ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অর্জন করেছে। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করা এই প্রকল্পটি একই সাথে আরও দুটি ক্রিস্টাল অ্যাওয়ার্ডও ঘরে তুলেছে।
ডিবিএল সিরামিকসের এই বিশেষ উদ্যোগটি শুধু গ্র্যান্ড প্রিক্সেই সীমাবদ্ধ থাকেনি। এটি ‘পিআর’ এবং ‘ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন’ ক্যাটাগরিতে দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ লাভ করেছে। ‘টাইলচক’ মূলত সিরামিক সামগ্রী তৈরির সময় নির্গত হওয়া শিল্পবর্জ্য বা কাদাকে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা ক্লাসরুমের লেখার চক হিসেবে ব্যবহারযোগ্য। এই অভিনব উদ্যোগের মাধ্যমে কারখানার ক্ষতিকর বর্জ্যকে সামাজিক ও শিক্ষাক্ষেত্রের মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব হয়েছে, যা পরিবেশ সুরক্ষায় এবং টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
চক প্রস্তুতকরণের এই পুরো প্রক্রিয়াটি সবার জন্য ‘ওপেন সোর্স’ বা উন্মুক্ত করে দিয়েছে ডিবিএল সিরামিকস। এর মূল উদ্দেশ্য হলো অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনে উদ্বুদ্ধ করা। এই বৈশ্বিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, "ম্যাডস্টারস-এর এই স্বীকৃতি আমাদের জন্য একটি বড় মাইলফলক এবং পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়ার অনুপ্রেরণা। ইন্ডাস্ট্রির সমস্যাগুলোকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখলে যে কার্যকর সমাধান সম্ভব, 'টাইলচক' তা প্রমাণ করেছে।"
অত্যন্ত প্রশংসিত এই ‘টাইলচক’ প্রকল্পটি ডিবিএল সিরামিকস এবং পপ ফাইভ-এর যৌথ প্রচেষ্টায় বাস্তবায়িত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এটিই তাদের প্রথম সাফল্য নয়। এর আগেও বৈশ্বিক ও আঞ্চলিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম যেমন অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স এবং স্পাইকস এশিয়ার মতো স্বনামধন্য আসরগুলোতে পুরস্কৃত ও সমাদৃত হয়েছে এই পরিবেশবান্ধব উদ্যোগটি।