মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি মূলত চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্য দেশগুলো যদি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মক্কা চুক্তিটি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, যা বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পাদিত হয়েছে। বাংলাদেশ এই চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে, তবে এতে যোগদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে যাওয়া হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ভবিষ্যতে চুক্তিটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি কার্যকর ব্যবস্থায় পরিণত হবে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এতে অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে করা এই প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবেই গণ্য করা হবে।