বাংলাদেশ রেলওয়ের শীর্ষ পর্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়েছে। উপসচিব কামরুল হাসানের সই করা এই প্রজ্ঞাপনে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীনকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত মামুনুল ইসলামকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নতুন দায়িত্বের পাশাপাশি তিনি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।