প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ৭৬ পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটার পাশের একটি নির্জন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামিম মিয়া (৩২) এবং একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শামিম ও মেহেদী ওই ইটভাটার পাশে নির্জন জায়গায় মাদক কেনাবেচা ও সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরাও পুলিশকে সহায়তা করেন। সেখান থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
অভিযান চলাকালে শামিম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড়ে দিয়ে পালিয়ে যান। তবে পালানোর সময় তিনি পায়ে চোট পান। পরে পুলিশ শামিমকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি শুরু করে। একপর্যায়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তার হওয়া দুজনই মূলত পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।