নারী এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা টাইগ্রেসদের শুরুটা মোটেও ভালো হয়নি। তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। এক পর্যায়ে ৫৫ রান তুলতেই দলের ৬টি উইকেট হারিয়ে ফেলে তারা।
ম্যাচের শুরুতেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। ওপেনার দিলারা আক্তার মাত্র ৩ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই প্রথম ওভারেই সাজঘরে ফেরেন। তিনে নামা সোবহানা মোস্তারী ৬ বলে ৩ রান করে আউট হন। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে মাত্র ২১ রান তুলতে গিয়ে বাংলাদেশ হারিয়ে ফেলে ২ উইকেট। পাওয়ারপ্লে শেষে অপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২০ বলে ১৬ রান করে বিদায় নেন।
দলের নিয়মিত বিরতিতে উইকেট পতনের ধারা অব্যাহত থাকে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ২৩ রান করে আউট হন। এরপর স্বর্ণা আক্তার এবং ফাহিমা খাতুন পরপর দুই বলে আউট হয়ে গোল্ডেন ডাকের শিকার হন। মাত্র ৫ বলের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে বাংলাদেশ তখন চরম চাপের মুখে পড়ে।
তবে শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ৩১ বলে ৩৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলে দলকে একশ রানের কোটা পার করতে সাহায্য করেন। এছাড়া নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে কিছুটা সময় উইকেটে টিকে থাকেন এবং রাবেয়া খান ৪ বলে ৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১০৩ রানের পুঁজি দাঁড় করায়।