ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ওয়াশ (স্টমাক ওয়াশ) করেন।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে গতকাল মঙ্গলবার বিকেলে মেঘমল্লার বসুকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল থেকেই তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। চিকিৎসকরা মনে করেছেন তাকে আইসিইউতে নেওয়া দরকার, এ কারণেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না জানান, বর্তমানে মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।