আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ভারতের নাম সরিয়ে নেওয়ার পর। ফিফার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টে 'এ' গ্রুপে বাংলাদেশ লড়বে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে। অন্যদিকে 'বি' গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
বাফুফে বুধবার বিকেলে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পহেলা অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।
টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে বর্তমানে ক্যাম্প চলছে। এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম। এছাড়া হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলামের মতো বিদেশি লিগে খেলা খেলোয়াড়রা টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ফেডারেশন। ফিফা আরব কাপের আদলে আয়োজিত এই টুর্নামেন্টটি চলতি বছরের ফিফা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পায়।