ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দৌড় থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এফএফএফ সভাপতি ফিলিপ ডিয়ালো এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এফএফএফ-এর নির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিয়ালো জানান, ফিফা সভাপতির ওপর তাদের যে আস্থা ছিল তা এখন খর্ব হয়েছে। তিনি বলেন, বিশ্ব ফুটবল যেভাবে পরিচালিত হওয়া উচিত বলে এফএফএফ মনে করে, বর্তমান নেতৃত্বের পরিচালনার ধরণ এখন আর তার সঙ্গে মিলছে না। জুন মাসের শেষভাগে যখন ইনফান্তিনো একমাত্র প্রার্থী ছিলেন, তখন ফ্রান্স তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছিল। কিন্তু পরবর্তী ঘটনাবলি পরিস্থিতি বদলে দিয়েছে বলে উল্লেখ করেন ডিয়ালো। তিনি স্পষ্ট করেন, ইনফান্তিনোর প্রতি সমর্থন বজায় রাখার মতো পরিবেশ আর অবশিষ্ট নেই।
ইনফান্তিনোর সমালোচনা করে ডিয়ালো বলেন, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাবটি সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে কোনো প্রকার পূর্ব পরামর্শ বা পর্যাপ্ত তথ্য প্রকাশ ছাড়াই শুরু করা হয়েছিল। এই পদক্ষেপ ফিফার সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন একে দিয়েছে। উল্লেখ্য, ফুটবলের আঞ্চলিক কনফেডারেশনগুলোর তীব্র বিরোধিতার মুখে গত জুলাইয়ে ইনফান্তিনো সেই প্রস্তাব থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন।
আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা নির্বাচনের আগে ইনফান্তিনোর এই বিতর্কিত প্রস্তাব ভেস্তে যাওয়ার পর থেকে ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের একাধিক শীর্ষ ফুটবল ফেডারেশন তার ওপর থেকে সমর্থন গুটিয়ে নিয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর আমেরিকার ‘কনকাকাফ’ ফিফার শীর্ষ পর্যায়ে পরিবর্তনের দাবি তুলেছে। ডিয়ালো জানান, ফ্রান্সের এই অবস্থান উয়েফাসহ বিশ্ব ফুটবলের বৃহত্তর আন্দোলনেরই অংশ। এখন মূল আলোচনার বিষয় হলো ফিফার প্রশাসনিক সংস্কার এবং ইনফান্তিনোকে পরাজিত করতে পারে এমন একজন নির্ভরযোগ্য ও শক্ত বিকল্প প্রার্থী খুঁজে বের করা। তিনি আরও বলেন, কেবল সমালোচনা করাই যথেষ্ট নয়, ফিফার আগামী নেতৃত্ব কেমন হবে সে বিষয়ে উয়েফাকে একটি স্পষ্ট দিকনির্দেশনা তৈরি করতে হবে এবং যথাসময়ে উপযুক্ত প্রার্থী বাছাই করতে হবে।