রুগ্ন, অকার্যকর এবং বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি এবং স্থাপনাকে পুনরায় উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সংস্থাটি একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ৪৮ ধারার ক্ষমতাবলে ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা’ শিরোনামে এই খসড়াটি তৈরি করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদ যাচাই-বাছাই, মূল্যায়ন, লেনদেন কাঠামো নির্ধারণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের রূপরেখা রাখা হয়েছে। এছাড়াও সরকারি স্বার্থ ও সম্পদের ন্যায্য মূল্য সংরক্ষণ এবং বিনিয়োগ-পরবর্তী পরিবীক্ষণের ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়াটি তৈরির প্রক্রিয়ায় গত ১২ জুলাই সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৮ আগস্ট শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত আহ্বান করে। প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে যৌক্তিক বিষয়গুলো নীতিমালায় যুক্ত করা হয়েছে।