পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই এবং তিনি দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, শেখ হাসিনাসহ যেসব আসামি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের প্রত্যার্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শামা ওবায়েদ বলেন, আমরা আশা করছি, শেখ হাসিনাসহ যেসব আসামির বিচার হয়েছে বা বিচার হওয়া প্রয়োজন, তাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকার আমাদের চিঠিপত্রের যথাযথ সাড়া দেবে এবং কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত করবে। তবে শেখ হাসিনা ইস্যুতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং বিমসটেকের মিটিংয়ে আমাদের উপদেষ্টার অংশগ্রহণসহ বিভিন্ন পর্যায়ে সংলাপ ও যোগাযোগ চলমান থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই মাসে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারের জন্য একটি ন্যায়বিচার বা ক্লোজার প্রয়োজন। সরকার এ বিষয়ে আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। তিনি আরও ব্যাখ্যা করেন যে, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যেহেতু সাজা হয়ে গেছে, তাই আসামির আত্মসমর্পণের আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। আইন অনুযায়ী তিনি বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।