রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি। তিন মাস মেয়াদি ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আজ শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ সূচনা করবেন।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।
এর আগে, দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং এর কার্যকর প্রতিরোধ ও চিকিৎসায় একটি সমন্বিত রূপরেখা তৈরি করতে গত মঙ্গলবার সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ওই উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই দেশজুড়ে এই সমন্বিত অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী।