সার কার্যক্রমের সার্বিক তদারকি নিশ্চিত করতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম। সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মাঠপর্যায়ে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা সমস্যার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই কন্ট্রোল রুমটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে স্থাপিত এই কন্ট্রোল রুমের কার্যক্রম ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কার্যক্রম পরিচালনার জন্য ২৭টি দল গঠন করা হয়েছে, যার প্রতিটিতে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন। কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্বে থাকছেন সার ব্যবস্থাপনা ও উপকরণের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব। কার্যক্রমটি প্রতিদিন দুটি শিফটে পরিচালিত হচ্ছে; প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
কন্ট্রোল রুমের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নিয়মিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। সার পরিবহণে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি বা অতিরিক্ত দামে সার বিক্রির মতো তথ্য পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এছাড়া, সার সংকটের আশঙ্কা দেখা দিলে অগ্রাধিকার ভিত্তিতে তা শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হবে।
কৃষক, ডিলার ও পরিবহনকারীদের কাছ থেকে প্রাপ্ত যেকোনো অভিযোগ গ্রহণ করে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেবে কন্ট্রোল রুম। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। প্রতিদিনের সার পরিস্থিতি, অভিযোগ এবং গৃহীত ব্যবস্থা রেজিস্টারে সংরক্ষণ করে নিয়মিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।
কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য ০৫০৩৫১ নম্বরটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া ই-মেইল, হোয়াটসঅ্যাপ ও মোবাইলের মাধ্যমেও তথ্য ও অভিযোগ গ্রহণ করা হবে এবং শিফট পরিবর্তনের সময় দায়িত্ব যথাযথভাবে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।