পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ভারত নিয়ে অতিরিক্ত চর্চা না করে নিজের দেশের বিষয়গুলো নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার—সবসময়ই ভারত নিয়ে ব্যস্ত থাকলে নিজের দেশের কথা ভাবার সময় কোথায়? তিনি বলেন, সব সময় ভারত না করে নিজের দেশের বিষয়গুলো নিয়ে ভাবা উচিত।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বহুপাক্ষিক ফোরামে যেখানেই সুযোগ থাকবে, সরকার সেখানেই সম্পৃক্ত হবে। তিনি উল্লেখ করেন, বিশ্বনেতাদের অনেক আমন্ত্রণ থাকে, তাই সবার সঙ্গে দেখা করা সম্ভব হয় না। তবে সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠানে সরকার অংশ নেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য জাতিসংঘে ভাষণ দেওয়া। সাইডলাইনে কার সঙ্গে বৈঠক হবে তা অনেক সময় শেষ মুহূর্ত পর্যন্ত নির্ধারিত থাকে না। বড় বড় সম্মেলনে এমনটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, বিশ্বনেতাদের দৈনন্দিন কর্মসূচিতে শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসে। যখনই কোনো বৈঠকের বিষয়টি চূড়ান্ত হবে, তখনই তা গণমাধ্যমকে জানানো হবে এবং আপনারাই প্রথম জানতে পারবেন।