অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন যে, ড. আসিফ নজরুল সরকারের ভেতরে বিভিন্ন জটিলতা সৃষ্টি করেছেন এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে এনসিপি নেতা অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সম্প্রতি এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলকে নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।’ তিনি দাবি করেন, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। তিনি বলেন, ‘আমি আসিফ নজরুলকে এ জন্য দেখতে পারি না। তিনি আমাকে বলেছিলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন।’
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন যে, সরকার গঠনের সময় আসিফ নজরুল পর্দার আড়ালে বিভিন্ন ধরনের ঘুঁটি চালার চেষ্টা করেছিলেন। তার দাবি অনুযায়ী, জুলাই সনদ ও ঘোষণাপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময়েও আসিফ নজরুল নানা পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের উপস্থিতির প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তিনি মন্তব্য করেন, আসিফ নজরুল সেদিন সেখানে প্রবেশ করতে পারলে সরকার গঠনই হয়তো সম্ভব হতো না। এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে আসিফ নজরুলের গবাদি পশু পালনের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, ‘তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?’