বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনায় বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখিত বদলি ও পদায়নের তালিকায় রয়েছেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ার, যাকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরায় বদলির পূর্ববর্তী আদেশটি বাতিল করা হয়েছে। এছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপারদের (এএসপি) মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিছুর রহমানকে র্যাবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের এএসপি সুবীর কুমার সাহাকে মুকসুদপুর সার্কেলে এবং নৌ পুলিশের এএসপি মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া কেএমপির এসি মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং জিএমপির এসি অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।