প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩৫
রাজশাহীর তানোরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ দক্ষতা বৃদ্ধি ও বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ের পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ হলরুমে এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের আওতায় তানোর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এই কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দিতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়ার পাশাপাশি শিশু শিক্ষার্থীদের মাঝে চেয়ার-টেবিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মণ, এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এফএইচ অ্যাসোসিয়েশনের তানোর শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের পড়ার অভ্যাস ও দক্ষতা বৃদ্ধি এবং একটি আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে।