সারাদেশের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলি হওয়া বিচারকদের তালিকায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ ও দুইজন সিভিল জজ রয়েছেন। এর মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে বিভিন্ন জেলায় চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বেশ কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।