সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই রাকিবুল হাসানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আগে এ ধরনের অনুসন্ধান পরিচালনা করতে হয়। তবে এই অনুসন্ধান ডিএমপির কোনো বিশেষ কমিটির অধীনে নাকি সরাসরি ডিবি করছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি। এছাড়া ঠিক কখন তাঁকে ডিবিতে নেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করেননি ওই কর্মকর্তা। রাত ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় রাকিবুল হাসান ডিবি কার্যালয়েই অবস্থান করছিলেন।
এর আগে গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। অডিওতে রাকিবুল হাসানকে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে নিয়োগ ও পদায়ন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ করতে শোনা যায়। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অডিওটি ওই পুলিশ কর্মকর্তারই বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
এই অডিও আলোচনার জন্ম দেওয়ার পর বুধবারই রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এই প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছিল। অডিওর বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।