রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মোছা. মরিয়ম খাতুন (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর সংসদ সদস্যকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান রবিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহটি গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। ঘটনার সময় ফ্ল্যাটটিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, রবিবার দুপুরে সংসদ সদস্য তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খেয়েছিলেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা নিজ নিজ কক্ষে চলে যান। বিকেল ৫টার পর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মরিয়মকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
মরিয়ম খাতুনের এই মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।