আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন অগণিত ফুটবল ভক্ত। প্রিয় ফুটবলারের ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য নতুন খবর হলো, টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রথমে ২২ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রির কথা জানালেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, আগ্রহীদের দিপোর্তিক ডটকম ওয়েবসাইটে নিবন্ধন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি নিবন্ধিত ব্যবহারকারী সাধারণ গ্যালারির সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ পাবেন। এই সময় পরিবর্তনের সিদ্ধান্তটি কেবল মেসির বিদায়ী ম্যাচের জন্যই নয়, বরং সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য।
শিডিউল অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। সবশেষে ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি।
এদিকে মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে রীতিমতো আকাশচুম্বী। এএফএ-এর ঘোষণা অনুযায়ী, ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ২৯ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া সাধারণ পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার ডলার বা ১ কোটি ১০ লাখ টাকা। সিভোরি ও সেন্তেনারিওর আপার স্ট্যান্ডের টিকিটের দাম ১ লাখ ৮০ হাজার ডলার বা ২ কোটি ২১ লাখ টাকা এবং সর্বোচ্চ টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৮৯ লাখ টাকা।