রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে সংঘটিত এই ঘটনার বিষয়ে সালমান মুক্তাদির নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বিস্তারিত জানিয়েছেন। ভিডিওতে স্টুডিওর আসবাবপত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি দৃশ্যমান ছিল এবং স্টুডিওর কর্মীদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, 'একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।' স্টুডিওর চেয়ার, টেবিল ও টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। এই পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে ভিডিও বার্তায় বলেন, 'ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।'
ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালমান মুক্তাদির জানান, যেখানে স্টুডিওটি অবস্থিত, সেই প্রপার্টির মালিকের সঙ্গে চাঁদাবাজিকে কেন্দ্র করে কোনো একটি বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, 'যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ এ নরমাল সিটিজেন হিসেবে।…আমাদের এখানকার যে ল্যান্ড ওনার উনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ…উনার সাথে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে— চাঁদা চেয়েছে বা সামথিং…। তো ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে.'
হামলা ও ভাঙচুরের শিকার হওয়ার পরও দমে না গিয়ে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে সালমান মুক্তাদির বলেন, 'আমি এর থেকে বড় কিছু করব।' এদিকে, এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানা ও সংশ্লিষ্ট জোনের পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।