চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ সরকার প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই দুই মাসে মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, গত অর্থবছরের একই সময়ে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার ঋণ পরিশোধ করেছিল, যা দেশীয় মুদ্রায় ছিল ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বৃদ্ধি পেয়েছে।
পরিশোধিত এই অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে। বাকি ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে সুদ বাবদ।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যেখানে গত অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।