জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মির্জা ফখরুল বলেন, বিরোধীদল থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে, যা জনগণকে বিভ্রান্ত করার একটি অপপ্রয়াস। তিনি স্পষ্ট করে বলেন, যে দলগুলো একসাথে আন্দোলন করেছে, তারাই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং প্রতিটি অক্ষর বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। ৩১ দফার মতোই সরকার জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
গণভোট প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে তার একটি অংশে সরকারের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটে প্রতিনিধিত্বের বিষয়ে তারা কখনোই একমত হননি এবং সে সময় তিনি নিজেই বিবৃতি দিয়েছিলেন যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার কমিশন তাদের কনসেন্ট ছাড়াই বিষয়গুলো নিয়ে এসেছে বলে তিনি অভিযোগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী ও কবি নাহিদ নজরুল।