প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৪। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ পোস্ট অফিসের নিয়োগকৃত ঠিকাদার নিখোঁজ রয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে তার কোনো সন্ধান না মেলায় দুই বছর ধরে ডাকঘরটির সংস্কারকাজ পুরোপুরি বন্ধ হয়ে আছে। বর্তমানে মূল অফিস রুমটির দরজা-জানালা না থাকায় ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং স্থানীয়ভাবে খড়ি রাখা বা সাইকেল গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উপজেলা পোস্ট মাস্টার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান জানিয়েছেন, তিনি গত এক বছর আগে এই দপ্তরে যোগদান করেছেন। অন্যদিকে ঝিনাইদহ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার রিয়াজুল হক জানান, তিনি কয়েক মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে ঠিকাদার কে ছিলেন বা কেন কাজ বন্ধ রয়েছে, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
সাব-ইঞ্জিনিয়ার তাইবুর রহমান জানিয়েছেন, তিন মাস আগে তিনি সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছেন। ২০২৩ সালে ভবন সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল, তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বা কাজের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ সম্পর্কে তিনি অবগত নন।
বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, ঠিকাদার পালিয়ে যাওয়া এবং সংস্কার কাজ বন্ধ থাকার বিষয়টি তিনি জেনেছেন।