বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত ওষুধ এবং এসব ওষুধ তৈরির উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না মার্কিন প্রশাসন। বাংলাদেশসহ বিশ্বের মোট ২০টি দেশ এই বিশেষ শুল্কছাড়ের আওতায় এসেছে। বিশ্ব শুল্ক সংস্থার সংজ্ঞা অনুযায়ী, পণ্যের আর্থিক মূল্যের ওপর ভিত্তি করে যে নির্দিষ্ট শতাংশ হারে অ্যাড ভ্যালোরেম শুল্ক নির্ধারণ করা হয়, এই সুবিধা সেই শুল্ক থেকে অব্যাহতি দেবে।
মার্কিন বাণিজ্য বিভাগের প্রকাশিত এক নোটিশ ও তালিকা অনুযায়ী, এই ছাড়ের বিষয়টি গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ঘোষণার অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্রে ওষুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে নেওয়া এই উদ্যোগের অংশ হিসেবে পেটেন্ট করা ওষুধ, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি চলছে, যা ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
শূন্য শুল্কের আওতাভুক্ত পণ্যের তালিকায় রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, জিন থেরাপি এবং কোষভিত্তিক থেরাপি। এ ছাড়া অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট বা এডিসি এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ক্ষেত্রেও এই শুল্কছাড় প্রযোজ্য হবে। এসব ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামালও শূন্য শুল্কের সুবিধা পাবে। তবে জেনেরিক ওষুধ এবং এগুলোর সংশ্লিষ্ট উপাদান সেকশন ২৩২-এর আওতায় শুল্কের আওতামুক্ত থাকবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, তাইওয়ান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, জর্ডান, উত্তর মেসিডোনিয়া ও ইউরোপীয় ইউনিয়ন এই সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এসব দেশের সঙ্গে বিদ্যমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তির কারণে তাদের যোগ্য পণ্যগুলো এই শূন্য শুল্কের সুবিধা পাচ্ছে। এই প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের সেকশন ২৩২-এর অধীনে পরিচালিত হচ্ছে। এর আগে মূল ঘোষণায় কিছু কারিগরি সংশোধন আনা হয়েছে, যার মাধ্যমে জেনেরিক ফার্মাসিউটিক্যাল পণ্যের সংজ্ঞায় পেটেন্টবিহীন প্রাণীর চিকিৎসার পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল আর্টিকেল বলতে প্রস্তুত ওষুধ, সক্রিয় উপাদান ও এগুলো তৈরির প্রাথমিক উপাদানের সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে।