চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপভ্যান ও একটি অবৈধ ছয় চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে অহিদুল ইসলাম নামে ১৮ বছর বয়সী এক তরুণ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার উদ্দেশ্যে ব্রিজে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার গাড়ি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপের চালকের পাশে বসে থাকা অহিদুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা অহিদুলকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় অহিদুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে। অহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার দায়িত্বে থাকা ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্লা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পরপরই অবৈধ ছয় চাকার গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এখন পর্যন্ত তাকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।