জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশ নেন। হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই রিসেপশনের একটি ছবি নিয়ে বর্তমানে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রিসেপশনের মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে একটি এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এআই-জেনারেটেড ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করে এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে চালানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, আলবেনিয়াভিত্তিক সংবাদমাধ্যম Pamfleti.net গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই-বাছাই করে সেটিকে পুরোপুরি এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে শনাক্ত করেছিল। সেই বিতর্কিত ছবিকেই বর্তমানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর অংশগ্রহণের ছবিটিকে প্রশ্নবিদ্ধ করতে ব্যবহার করা হচ্ছে বলে প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।