বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়ার বিপক্ষে সেই ম্যাচের পরের কঠিন সময় এখনও ভুলতে পারেননি জেনারো গাত্তুসো। ইতালির সাবেক এই কোচ জানিয়েছেন, ম্যাচটির পর কয়েক মাস তিনি ঠিকমতো ঘুমাতে পারতেন না। ঘুমের জন্য নিজেকে ক্লান্ত করে তোলার উদ্দেশ্যে তাকে দীর্ঘ সময় হাঁটতে হতো, যাতে শেষ পর্যন্ত চোখ বন্ধ করা সম্ভব হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বসনিয়া-ইতালি ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে গাত্তুসো বলেন, মাঠের ঘটনাগুলোই মূলত পার্থক্য গড়ে দেয় এবং এগুলো আমাদের পৃথিবী ও জীবনেরই অংশ। তিনি সব সময়ই বলেছেন যে, তার ছেলেদের এবং তার সঙ্গে কাজ করা সবাইকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। এরপরও তিনি অকপটে স্বীকার করেছেন যে, এটি তার জীবনের বাকি সময়ের জন্য একটি ক্ষত হয়ে থাকবে।
ম্যাচের বিভিন্ন ঘটনা নিয়ে গাত্তুসোর কোনো অভিযোগ নেই। বিশেষ করে আলেসান্দ্রো বাস্তোনির প্রসঙ্গে ইতালির সাবেক এই কোচ বলেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। ভুল খেলারই অংশ এবং বাস্তোনি নিশ্চয়ই ইচ্ছা করে নিজে লাল কার্ড দেখেনি। গাত্তুসো আরও বলেন, আমরা যে ভালো কাজগুলো করেছি, সেগুলোও থেকে যায়। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে আমাকে যেটা বিরক্ত করে তা হলো, মনে হয় যেন শুধু ফলাফলই গুরুত্বপূর্ণ। কখনো কখনো কী করা হয়েছে এবং কীভাবে করা হয়েছে, সেটাও দেখতে হয়।